স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা : নেতৃত্বে সাদিক কায়েমের

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা : নেতৃত্বে সাদিক কায়েমের

শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেওয়া ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বেলা ১টা ২০ মিনিটের দিকে দোয়েল চত্বরে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের অগ্রযাত্রা আটকে দেয়। তবে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা। এরপর হাইকোর্ট মাজারের সামনে বেলা ১টা ২৩ মিনিটে আবারও পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা এবং সেই ব্যারিকেডও ভেঙে এগিয়ে যান।

পরবর্তীতে বেলা ১টা ২৭ মিনিটে শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে পুলিশ আবারও বাধা দেয়। বর্তমানে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তাঁর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই কর্মসূচির ঘোষণা দেন এবং ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বেলা ১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

সর্বশেষ সংবাদ