ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সূত্রে মালিক আটক

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর সূত্রে মালিক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে এর মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তির নাম আবদুল হান্নান। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের পর র‍্যাব মালিক আবদুল হান্নানকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ডিএমপি জানায়, হত্যাচেষ্টার ঘটনায় আবদুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িত অন্যদের, বিশেষ করে শুটারকে গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে বলে জানান তালেবুর রহমান।

এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর পাশে থাকা ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি আবদুল হান্নানের মালিকানাধীন। আটক করার সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ, র‍্যাব ও ডিবিসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্ত ও অভিযান চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ