সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

সচিবালয়ে অগ্নিকাণ্ড: তদন্তে সাত সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, এই কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে যুক্ত (কো-অপ্ট) করতে পারবে এবং তারা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম (জেলা ও মাঠ প্রশাসন)। কমিটির সদস্যসচিব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

কমিটির কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে— অগ্নিকাণ্ডের উৎস এবং কারণ উদ্ঘাটন, অগ্নিদুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কিনা তা অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার রাত ১টা ৫২ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৫৪ মিনিটে। প্রথমে আটটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ইউনিট যুক্ত করা হয়। শেষমেশ, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

সর্বশেষ সংবাদ