বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ

বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে তাঁকে ফোন করে এ দুঃসংবাদ দেন।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া ভোর ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে পারে।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। তবে বয়সজনিত নানা জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে।

সবশেষ গত ২৩ নভেম্বর তাঁকে গুরুতর অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সর্বশেষ সংবাদ