হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যানেলের মাধ্যমে এখন সহজেই বড় পরিসরের মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন বিষয়ে জরিপ চালিয়ে অনুসারীদের মতামত নেওয়ার সুযোগও থাকে। এই একমুখী যোগাযোগব্যবস্থাকে আরও কার্যকর করতে এবার নতুন একটি সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে চ্যানেলের অনুসরণকারী বাড়ানো আরও সহজ হবে।

নতুন এই ফিচার চালু হলে চ্যানেলের প্রশাসকেরা সরাসরি পরিচিত ব্যক্তিদের চ্যানেলে যুক্ত হওয়ার আমন্ত্রণ পাঠাতে পারবেন। এতে করে চ্যানেলের দর্শক বা অনুসারী বাড়াতে আলাদা প্রচারণার প্রয়োজন অনেকটাই কমে আসবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

হোয়াটসঅ্যাপ–সংক্রান্ত আপডেট নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, সম্প্রতি অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। পরে আইওএসের কিছু নির্বাচিত বেটা ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়। অর্থাৎ ধাপে ধাপে উভয় প্ল্যাটফর্মেই ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

এই সুবিধা চালু হলে চ্যানেল অ্যাডমিনরা ‘চ্যানেল ইনফো’ অংশে গিয়ে নতুন একটি অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে পরিচিতদের সরাসরি আমন্ত্রণ জানানো যাবে। প্রাথমিকভাবে একবারে সর্বোচ্চ ৬৪ জনকে আমন্ত্রণ পাঠানো যাবে।

চ্যানেলে যুক্ত হওয়ার এই আমন্ত্রণ সাধারণ গ্রুপ লিংকের মতো হবে না। এতে একটি আলাদা বোতাম থাকবে, যেখানে ক্লিক করে আমন্ত্রিত ব্যক্তি আগে চ্যানেলের বিষয়বস্তু, আপডেটের ধরন ও কার্যক্রম দেখে নিতে পারবেন। এরপর চাইলে তিনি চ্যানেলটি অনুসরণ করবেন।

ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, এই আমন্ত্রণ প্রক্রিয়ায় পাঠানো বার্তাগুলো স্প্যাম হিসেবে চিহ্নিত হবে না। কারণ, এগুলো অস্থায়ীভাবে একটি ব্রডকাস্ট তালিকার মাধ্যমে পাঠানো হবে। ফলে একসঙ্গে একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানালেও স্প্যাম শনাক্ত হওয়ার ঝুঁকি থাকবে না।

সর্বশেষ সংবাদ