বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনটির তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫। যদিও এতে গত মঙ্গলবারের তারিখ উল্লেখ রয়েছে, আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া সৈয়দ রেফাত আহমেদের বয়স আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছরে পূর্ণ হবে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তিনি ২০২৮ সালের ১৭ মে ৬৭ বছরে পা দেবেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর পিতা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী এবং মাতা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন। ১৯৮৫ সালে তিনি জজকোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন এবং ২০০৫ সালের ২৭ আগস্ট পূর্ণ বিচারপতি হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

সর্বশেষ সংবাদ