বিমানবন্দরে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

বিমানবন্দরে নেওয়া হয়েছে ওসমান হাদিকে

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। এ জন্য সোমবার দুপুর ১টা ১০ মিনিটে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এই দেশকে জানান, সোমবার (১৫ ডিসেম্বর) ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাঁকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সকাল ১১টা ২২ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে এবং দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। ওই বৈঠকেই হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই দিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার সম্ভাব্যতা যাচাইয়ে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ