সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১১

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১১

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা হয়, যার পর পুরো সিডনি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পর বন্ডি সৈকতে একাধিক বন্দুকধারী হামলা চালায়। সে সময় ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সৈকত এলাকা থেকে মানুষজন আতঙ্কে নিরাপদ স্থানের দিকে ছুটে যেতে থাকেন। এ সময় অন্তত ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।

৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, তিনি নিজ চোখে অন্তত ১১ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। চারদিকে রক্ত ছড়িয়ে ছিল এবং পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে।

পুলিশ সূত্র জানায়, হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাল্টা গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছে বলেও জানা গেছে।

বর্তমানে বন্ডি সৈকত ও আশপাশের এলাকায় পুলিশের অভিযান চলছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে জরুরি আহ্বান জানানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর সিডনিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। সিডনি কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

সর্বশেষ সংবাদ