তিন দিনে সোনার দাম বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা

তিন দিনে সোনার দাম বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। গত তিন দিনে ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ৫০২ টাকা। এর ফলে আজ রোববার থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম প্রায় ২ লাখ ১৫ হাজার টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত শুক্রবার ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানোর পর আজ থেকে আরও ৩ হাজার ৪৫২ টাকা বৃদ্ধি করেছে। সব মিলিয়ে তিন দিনে দাম বেড়েছে সাড়ে ৪ হাজার টাকার বেশি। এর আগে বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, আজ রোববার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। অর্থাৎ একদিনেই দাম বেড়েছে ৩ হাজার ৪৫২ টাকা।

একইভাবে ২১ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম ভরিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা। এতে দাম বেড়েছে ৩ হাজার ৩০১ টাকা।

১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৮২৩ টাকা। গতকাল যেখানে দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা, আজ তা বেড়ে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির সোনার দামও আজ ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকায়, যা গতকাল ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস বলছে, সোনার দাম বাড়ার জন্য এখন অতিরিক্ত চাহিদা বৃদ্ধির প্রয়োজন নেই। বিনিয়োগকারীরা শেয়ারবাজারের পাশাপাশি সামান্য পরিমাণ সোনায় বিনিয়োগ করলেও দাম দ্রুত বাড়তে পারে। ফলে বিনিয়োগ যত বাড়বে, সোনার দাম তার চেয়েও বেশি হারে বাড়ার সম্ভাবনা রয়েছে।

গোল্ডম্যান স্যাকস আরও জানিয়েছে, আগামী বছর সোনার দাম তুলনামূলকভাবে কম হারে বাড়তে পারে। তবে চলতি বছরে যে দুটি প্রধান কারণে সোনার দাম বেড়েছে, সেগুলো অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার ধারাবাহিকতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত। ডিসেম্বর মাসেও ফেড নীতি সুদ কমিয়েছে।

এ ছাড়া বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের পথ খুঁজছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে অনিশ্চয়তা থাকায় ডলারভিত্তিক বন্ডের চেয়ে সোনায় বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছেন বিনিয়োগকারীরা।

সর্বশেষ সংবাদ